বৃহস্পতিবার পাবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতা শুরু
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হতে যাচ্ছে ‘আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন 'পাস্ট ডিবেটিং সোসাইটি'র উদ্যোগে আগামী বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এ প্রতিযোগিতা শুরু হবে।
সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়, আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পাস্ট ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো নিয়ে ‘পাস্টডিএস সপ্তম আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতা -২০২৪’ অনুষ্ঠিত হবে।
২৯ ফেব্রুয়ারি বিতর্কের ট্যাব রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিটি দল চারটি রাউন্ড বিতর্কের সুযোগ পাবে। ট্যাব রাউন্ডের ফলাফলের মাধ্যেমে সেরা আটটি দল নিয়ে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। শুক্রবার সেমিফাইনাল এবং শনিবার বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
প্রতিযোগিতার বিষয়ে পাস্ট ডিবেটিং সোসাইটির সভাপতি সাকিব সিজান বলেন, ৫২'র ভাষা আন্দোলন ছিল বহিঃশত্রুর সঙ্গে। আর বর্তমানে এসে সেই আন্দোলন পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার, ভাষার শুদ্ধতা রক্ষার। সেই আন্দোলনের সহযোগী হিসেবে এবারও সপ্তমবারের মত পাস্টডিএস আয়োজন করছে আন্তঃবিভাগ ভাষা বির্তক-২০২৪। আমাদের এই প্রচেষ্টা কিছুটা হলেও শুদ্ধ ভাষা চর্চায় ভূমিকা রাখবে।







